কবি রাহুল সিনহার ধারাবাহিক কবিতা
১. কবন্ধ জন্ম
এভাবে চিনেছি আমি রাতের বদলে যাওয়া রঙ
প্রতিটি প্রহরে তুমি নেশাতুর হাতছানি আর
আমি পানশালা থেকে ঘরমুখো স্খলিত চরণ,
ডাকো তবু সরে যাও প্রতিবার মিথেন আলেয়া।
ভুলভুলাইয়া ঘুরে রাত মেহফিলে এসে দেখি
পায়জেব খুলে তুমি কটাক্ষের প্রবণতা নিয়ে,
লিখছো নিবন্ধ আর প্রেমিকের জন্য রুদ্ধ দ্বার
সুতরাং ফিরে যাওয়া ছাড়া আর কী পছন্দ থাকে?
নিতান্ত অবুঝ বলে স্বপ্নে তবু ডেকে নিচ্ছি রোজ
নৈশ কারফিউ, তবু কোনো অজুহাতে যদি আসো
গোল চাঁদ অস্তে গেলে,সব ব্যারিকেড ভেঙে দিয়ে
আমরা পেরিয়ে যাবো মরুভূমি, তেষ্টামারী মাঠ,
কবন্ধ জন্মের সব ঋণশোধ হয়ে গেছে তাই
বিনিদামে বেচে দেবো ভালোবেসে যদি কিনে নাও।
No comments:
Post a Comment