কবি রাহুল সিনহা'র ধারাবাহিক কবিতা
দুই
এপিটাফ
তাহলে কীভাবে হয়? একবার বলে দাও তুমি,
এই দেহ ছাই হলে বুঝবে তখন অভিমান ?
অথবা অনিঃশেষ শীতঘুমে অবশ শরীরে
হাত রেখে উচ্চারন করা হবে জাগানোর গান?
তাহলে চলেই যাই, শূন্যতাই বাস্তব যখন
দিগন্ত যেখানে শেষ অন্ধকার সেই তেপান্তরে
সমস্ত আকাঙ্খা থেকে আরও দূরে না ফেরার দেশে
যেখানে প্রতীক্ষা নেই, স্বপ্নও মৃত্যুচিন্তা করে।
ভালোবাসা ছাড়া আর সবই যদি সত্যি হয়ে থাকে
কবিতাও বলে যাক আমায় সে ছেড়ে গেছে চলে
আমিও কলম কালি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে
শেষবার ডুব দিই কলঙ্কের চেয়ে কালো জলে।
বাঁচার আকুতি তবু ডুবতে না দিলে কোনমতে
হাত ধরে টেনে তুলো একবার যদি ইচ্ছে করে
সমস্ত শরীরজুড়ে বিষ, তুমি সঞ্জীবনী দিও
তোমার ওষ্ঠ থেকে প্রাণ ঢেলে আমার অধরে।
No comments:
Post a Comment