বারবার ফিরে আসি
অভীককুমার দে
বাতাসের কানামাছি দেখে
ঘুমিয়ে পড়ি,
বন্ধ ঘরের ভেতর
টিক টিক ঘড়ির কাঁটায়
জেগে থাকে ঝুলন্ত সময়...
ঘুম নগরের কোনো এক ফেরিওয়ালা
প্রতিদিন আসে
ডেকে বলে,আজ এসো কাল পাবে।
জানি না কার ঘুমন্ত শরীর রেখে
আমিও অন্য কারো
বেরিয়ে যাই
ঘরের বাইরে যেখানে বাতাস
আর আমি,
গোপন মিটিং শেষে
গোল্লাছুট বাতাসের;
এ ঘর সে ঘর হয়ে
কোথায় কোথায় যেন...
তারপর
বিলীন হবার নেশায়
শরীর আর আমি
একে অপরের,
সময় ফুরিয়ে যাবার আগেই
ফিরে আসি বারবার।
No comments:
Post a Comment