আর নয় বিশুদ্ধ কবিতা
রাজীব মজুমদার
হৃদয়ের ঠিক পরেই জেলখানার মহল্লা শুরু -
বিরুদ্ধতা গলা চিপে তালা ঝুলিয়ে দিচ্ছে ঠোঁটে।
শরীরের রন্ধ্রে রন্ধ্রে জমা কান্না আছে, বৃষ্টি নেই,
প্রতিক্রিয়াহীন বোঝাপড়া নুন ছিটাচ্ছে ক্ষতে।
কিছু শব্দ কখনো মাথা নোয়ায় না, বিক্রি যায় না -
কপালের ঘামে কন্ঠ ভিজিয়ে তীব্র শ্লোগান হাঁকো।
কথার কাছে কথার দাম ফুরাবে যখন, জানবে -
বিশুদ্ধ কবিতা লেখার দিন, আর নেই একটিও।
আপাতত ঘুমিয়ে পড়ুক ফুলে-ফলে নন্দনচর্চা,
আপাতত ঘুমিয়ে পড়ুক ভিতরের প্রেমিকটিও।
মানুষ যদি মানুষকে ভুলে শোষকের টুপি পরে,
বিশুদ্ধ কবিতা লেখার প্রয়োজন নেই, একটুও।
No comments:
Post a Comment