প্রসেনজিৎ রায়
হঠাৎ একলা রাতে বৃষ্টি হলে,
জমানো ইচ্ছে ডানা মেলে...
রাতঘুমে আটকে থাকা সময় ঘড়ি,
নির্বাক কিছু শব্দ বলে ।
কান পাতি মৃত দেওয়াল ঘেঁষে,
রাত্রি শেষে শান্ত ভোরে,
যদি তোমার কন্ঠ শুনি,
প্রতীক্ষার ফানুস বাতাসে উড়ে ।
তোমার গভীর নীল আঁখিজুড়ে,
আমার প্রেমের গোলাপ আঁকা,
নাম পরিচয় না জেনেই আমি প্রেমিক তোমার...
তাই ভালবেসেই নাম দিলাম সাগরিকা ।
তুমি আমার হবে না কখনো,
তবু তোমারই দিবাস্বপ্ন দেখি,
রং বাক্সে রং ফুরিয়ে গেছে,
চেতনার রঙেই তোমায় হিজিবিজি আঁকি।
হঠাৎ দেখা তোমার গোলাপী ঠোঁট...
আর মায়াবি মুখেই অহরহ হারাই,
যখন তখন প্রেমে পড়ি তোমার,
তোমার ললাট ঘামে নিজেকেই পাই ।
মনে হয় তোমার খোলা কেশের ভ্রমে,
মেঘ জমেছে দূরের ঈশান কোণে,
জরাগ্রস্ত আমার পৃথিবী মাঝেও,
বাঁচি তোমার আসার প্রহর গুনে ।
তোমার হাসিতেই বাঁধ ভাঙ্গে প্রতিজ্ঞার,
খোলা চিঠি আকাশে উড়ে,
নদী সাগর থমকে দাঁড়ায়,
তোমার ঢেউ খেলানো কোমর জুড়ে ।
তুমি হয়তো ভীষণ কর্মব্যস্ত,
হয়তো বেকার মনের নিছক জল্পনা ...
তোমার অস্তিত্ব থেকেও নেই,
সাগরিকা নামটা শুধুই কল্পনা।
No comments:
Post a Comment