Slideshow


কবিতা

কবি বিপুলকান্তি চক্রবর্তী'র ধারাবাহিক কবিতা

পর্ব: তিন

ভালোবাসা মুখ ফিরে তাকায় না


দীর্ঘশ্বাস বুকে নিয়ে অহেতুক যেনো দিন শুনছিলাম 

কারণ একটা অবশ্য আছে,

ঝরা পাতার দিন সামান্য ব্যর্থ তার কথা

সব মানুষের মনে যেরকম ব্যর্থতা থাকে তার চাইতে 

সম্পূর্ণ আলাদা পৃথিবীর,সমুদ্রের মতো অন্তহীন।

মাঝে মাঝে এসব কথা পাগলের প্রলাপ,

কেউ বলে ধৈর্যহীন,চঞ্চল স্বভাবের। 

নিরবধি যে পথ অনন্ত ছুটে গেছে পাগলের প্রলাপ নয়

কোনোদিন কেউ ভালোবেসে আসলে জানতে পারবে

পাখিরা কথা কয় না,ফুলে ফুলে গন্ধ নেই

সিক্ত দিন,রুক্ষ রাত।

স্নায়ু থেকে অসচেতন এক দুর্ভিক্ষ মনকে কুটে খায় 

অবিরত অশ্রু ভাগ্যবিড়ম্বিত জীবনটার,

কেউ বুঝতে পারে না কষ্টগুলো সুদূরের প্রতিচ্ছবি নয়

কাছের ছোট স্বপ্ন।

ভালোবেসে বুকে দীর্ঘশ্বাস উঠে,আবার

ভালোবাসা ছাড়া অসহনীয় দিন,দুর্বোধ্য রাত 

আমি যেনো আলোর ভিতর আমার ছায়া দেখতে পাইনা

ধোঁয়াশার পথ,বিষন্নতাকে বারবার ডেকে আনে

সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়ে ভগ্নহৃদয়,

নিষ্প্রাণ পাথরে প্রেম কেবল ই উপহাস তার।

বুকের ভিতর অসহায় স্বপ্ন,

তবু ভালোবাসা মুখ ফিরে তাকায় না স্বপ্নগুলোর মতো

No comments:

Post a Comment