Slideshow


শাস্তি

অর্পিতা আচার্য

মৃত বা জীবিত 

যেভাবেই হোক খুঁজে আনো সেই পলাতককে 

তার ভেতরের পশু ও দেবতাকে 

পাথর মারো, বারবার 

অন্ধ বাচ্চাদের সারিবদ্ধ লাইনে 

দাঁড় করিয়ে সূর্য ঢেলে দাও চোখে তার।


মনে আছে?

উজ্জ্বল ঘোড়ার পিঠে উঠতে চেয়েছিলে বলে

তোমার পা মুচড়িয়ে ভেঙেছিল সে ?

পাহাড়ের ওপর দাঁড়িয়ে শিস দিতে চেয়েছিলে বলে

তোমার গলার নলিতে জুতো চেপে ধরেছিল ?

পাগলা কুকুরের মত জলকামান থেকে বাঁচতে

তুমি লাফ দিয়েছিলে আদিম কুয়োয়

আর পাড়ে দাঁড়িয়ে সিংহের মত কেশর ফুলিয়ে

তোমার যাবতীয় অহং মটমট করে ভেঙেছিল সে?

বৃষ্টির পর ছাতা থেকে ঝরে পড়া জল 

তোমার কবরের পইঠায় ঢেলেছিল !

এত তার জেতার বাসনা যে, 

যে হেরে গেছে তারও দেওয়াল পিঠে 

পেরেক ঠুকেছে...


একটা ভিকট্রি স্ট্যান্ডে এবার দাঁড় করাও 

প্রহার করো-প্রহার করো 

যতক্ষণ না নতজানু হয় অন্ধকারের কাছে 

ততক্ষণ - ক্রুশে ঝুলিয়ে রাখ


তাকে রেয়াত কোরো না!

No comments:

Post a Comment