বিকাশ কিংবা বিনাশ
অনিকেত মৃণালকান্তি
রাজা আমাদের চামড়া দিয়ে ঢাক বানিয়ে দেদার বাজাচ্ছেন
বিকাশের শব্দে ভেসে যাচ্ছে শহর থেকে গ্রাম
আমরা গায়ে হাত দিয়ে দেখছি
চামড়া তুলে নিয়ে গেছে চোর
কান কেটে নিয়ে গেছে ডাকাত
চোখ উপড়ে নিয়েছে অচ্ছে দিনের ঘোষক
এমনকী অক্ষত মুখে সেলোটেপ লাগিয়ে গ্যাছে
মহামান্য চৌকিদার
রাজা মন্ত্রী কতোয়ালদের উদ্দেশ্য ও বিধেয় নির্ণয়ের পরে জেনেছি আক্রান্ত আমাদের ঘিরেছে
ভবসন্ধ্যাভর উহাদের কালান্তক বিষের কারাগার
এই অন্ধদিনে দুয়োরানির ছেলের গল্প পাঠে
নর্তক ভেবে সাপের মুখে চুমু খেয়ে বোকা বনে
ভারতের উজাগর রাত এখন খালিপেটে কাটে
তারা আমাদের দিয়েছে বেঁচে হা-মুখ পুঁজিরবাজারে
আলাদিনের দৈত্য সেজে যে এসেছে
সে আসলে উভয়চর দস্যু বাদে কিছুই নয়
এই মীমাংসায় অথঃ কিম বলে দেশের মানুষ ভেসে যাচ্ছে অনন্ত অশ্রুপারাবারে
আপাতত দেশ নামক অন্ধকার প্রেক্ষাগৃহে
গত অর্ধদশক আমরা বিনাশের যাত্রাপথে চলছি
ক্ষুধানামক মহামারীতে কাঁদছে শহর থেকে গ্রাম
বিকাশের শব্দ ছড়িয়ে পড়ছে দ্রিমি দ্রিমি দ্রাম...
No comments:
Post a Comment