
🖍জয় দেবনাথ
মিছিল মানেই তো সুশৃঙ্খল লম্বমান জনস্রোত।এই জনস্রোত কিসের!
পৃথিবীতে মিছিলের মতো সত্যের উদাহরণ আর কি আছে! এই যে বসে আছি, ঘুমিয়ে আছি, খাচ্ছি ঘুরছি এগুলো সবই মূলত মিছিল।
এই মিছিলের মুখ কোথায় কেউ জানে না! এই মিছিলের শেষ কোথায় কেউ জানে না! এই পৃথিবীর সর্বশেষ মানুষ কে?আচ্ছা মিছিল কি শুধু মানুষরাই করে। অন্য প্রাণীরা করে না? আস্ত জীবনটাই তো মিছিলের। প্রকৃতির সিস্টেমটাই হলো মিছিলের সিস্টেম। মানুষ না চাইলেও তাকে মিছিল করতে হয়।সে নিজে টের পাচ্ছে না সে ক্রমাগত মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হচ্ছে। এই ক্লান্তির অবসান হলেই পরিসমাপ্তি।
এই যে ঘুরছি খাবার খাচ্ছি বসে আছি এটা ও একটা মিছিলের লাইনে দাঁড়িয়ে।
এই মিছিল মূলত মরে যাওয়ার মিছিল। মৃত্যুর লাইনে দাঁড়িয়ে ক্রমাগত সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমরা প্রকৃতির ব্যানারে মিছিলে মিছিলে মৃত্যুর দাবি জানাচ্ছি। এই লাইন মৃত্যুর লাইন। লাইন ধরে বসে আছি মৃত্যুর জন্য। এই অপেক্ষা শুধু মৃত্যুর জন্য।এই মিছিলে সবাই আছে অথচ, কেউ স্বীকার করছে না!
তবে প্রকাশ্যে মানুষ মিছিল করে কেন!এর বাইরে কিসের মিছিল। মরে যাওয়ার চাইতে বড় দাবী আর কি আছে!
কার কাছে এই দাবির সনদ দেওয়া যায়! মৃত্যুর চাইতে বড় যন্ত্রণা মানুষ আরো কি চায়!কার কাছে চায়! নাকি মৃত্যুর বড় কোনো কস্ট এসে গেলে মানুষ মিছিলমূখী করে ! মৃত্যুর চাইতে বৃহৎ কষ্ট কি এমন আছে যে মানুষ কে প্রকাশ্যে মিছিল করতে বাধ্য করে! তাহলে কি মিছিল আটকাতে মানুষের যন্ত্রণা কমাতে হবে?কে কমাবে এই যে বিশাল মিছিল! এই যে আসছে,এটা কিসের মিছিল! এরা কি মৃত্যুর চাইতে বড় যন্ত্রণা পেয়ে গেছে!
মৃত্যুর মিছিল মানুষ নীরবে করে।বেঁচে থাকতে মৃত্যুর চাইতে বড় কোনো যন্ত্রণা পেলেই কি প্রকাশ্যে মিছিল আসে? বাধ্য হয়? আচ্ছা কি সেই যন্ত্রণা !এই মিছিল কোথায় যাবে!এই মিছিলের শেষ কোথায়!এই মিছিলের মুখ কোথায়!
No comments:
Post a Comment