Slideshow


সেতু

✍️ বনমালী নন্দী

কাশের দিকে পা করে হাঁটছি

স্রোতেরা সব হারিয়ে গেছে হাওয়ায়

মহাশূন্যতার কমুন্ডলে সমস্ত জলের সিঁড়ি

চাঁদ এনামেলের বাসন

নক্ষত্ররা শিকড় ছড়াচ্ছে মাটিতে

বানাবে বাড়িঘর কিংবা ক্ষেতখামার

সন্ধ্যা এখন নিঃসঙ্গতার একদল পাখি

পাখির ডানায় এখন সৌন্দর্যের ডাকঘর

সবাই কি যেন খুঁজছে

জলের চাপা কান্নায় প্রাচীন ইতিহাস না ভূগোল সন্ধ্যার নক্ষত্র ডানা থেকে নামছে রৌদ্রের কাব্যগ্রন্থ

আমিও যেন কি খুঁজছি

সময়ের বল বেয়ারিং নাকি নিখোঁজ হুইল

নাকি ঠোঁটের কাজল যা হারিয়ে গেছে স্রোতের বনে

বা গভীর অরণ্য চোখে

একটা পাগলীও কি যেন খুঁজছে

পাগলী কি হারিয়েছে প্রাচীন হাওয়া

আগুনের ক্যানভাস


একটি ইতিহাস জলের মতো ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছে জল

গভীর জল

আমি খুঁজছি আন্দোলনহীন একটি সেতু

চাঁদের মৌচাক একটি জানালা রঙের চোখ


পিপাসার জন্য সেতু নাকি সেতুর জন্য

কয়েকটুকরো জল

No comments:

Post a Comment