✍️সায়ন দাশগুপ্ত
মাঝরাতেতে ঘুম ছুটে যায়
অঙ্গে ধরে জ্বালা,
অন্য কিছু নয় হে মশাই,
মশায় ঝালাপালা।
কম্বল বা চাদর দিয়ে
যতই ঢাকো কান
শুনতে তুমি বাধ্য ওদের
পোঁ পোঁ পিঁ পিঁ গান।
ধূপ ধুনো বা তেল জ্বালিয়ে
শুধুই খরচ বাড়ে।
মশার বংশ হয়না ধ্বংস
বাড়ছে দ্বিগুণ হারে।
টেনিস ব্যাটে মরল কতক
চটাস্ পটাস্ করে,
পাঁচটি মিনিট পরেই দেখি
ফের গুনগুন ঘরে।
শেষকালেতে ব্যাজার মুখে
টাঙালাম মশারী,
ঘরের ভিতর ঘর বানিয়ে
ঘুমের দেশে পাড়ি।।
No comments:
Post a Comment