✍️অমলকান্তি চন্দ
মেঘের পূর্বাভাস ঠেলতে ঠেলতে
নোনা ঘাম গড়িয়ে পড়ে এবড়োথেবড়ো চিবুকে
সম্মোহিত লৌহ দণ্ড
পেশীতে ভাঙ্গতে থাকো চাঙ্গর।
উড়াল স্বপ্নগুলো
কপাটের ওপাশে মানচিত্রের কলঙ্কিত পর্ব
খননে তুমুল কোলাহল
পাঁজর ভাঙ্গার শব্দ কোলাজ।
যে পথে বিপুল আড়ম্বর
নিত্যির দুপাশে দুলতে থাকে মানদণ্ড
পাকস্থলীর বেহুদা পেশী জুড়ে, খলবল করে
জ্বালাময়ী টক্সিন।
শরীরে জমাট বাঁধে প্রৌঢ়
বিড়ালের থাবার নীচে তাড়িত স্পন্দন
তর তর করে পাহাড় ডিঙ্গোয়
কেবল নদির কাছে গচ্ছিত রাখে আমনের স্বপ্নসুখ।
উড়াল পাখিদের ঠোঁটে ফণিমনসার ফণা
রং বদলাতে থাকে তক্ষক কোমায়
প্রবল ঘেরাটোপের ভেতর রাত্রি নামে
চারিদিকে তুষার বৃষ্টি।
নাঙ্গলের মতো ত্রিভঙ্গ মুরারী
নাগালে দুহাত
নাভি ছুঁতে ছুঁতে
পরম মমতায় বুকে আগলে রাখে মাটি।
No comments:
Post a Comment