অভীককুমার দে
পরিবর্তনের সময়
গাছের ভেতর এমনই
ঝড় ওঠে...
ঝরে পড়ে একে একে
বেরঙ পাতা
নিরস ডাল।
এই সব দিনগুলো ধুলো ওড়ায়,
রক্তচক্ষু
আর ঝাঁঝালো রোদ
শুষে খায় যুবতেজ।
বাতাসের মতো প্রিয় বন্ধুও হামলে পড়ে
সারশূন্য পাতার ঘাড়ে।
ঝরতে ঝরতে নিঃস্ব শরীর
মাটি আঁকড়ে মৃতপ্রায় দাঁড়িয়ে
ভেঙে পড়ে না,
নিমগ্ন তপস্যা...
কোন একসময় আবার
চিত্র বদলে যায়
আকাশের চোখে জল দেখলেই
কোরক থেকে বেরিয়ে আসে
যোদ্ধা।
No comments:
Post a Comment