Slideshow


তোমাকে ভালোবাসা যায় না

✍️ রূপালী মান্না

তোমাকে আজ আর ঘৃণা হয় না

মুহূর্তে জাগা ভালোবাসাও বিলুপ্ত হয় 

তোমার জন্য করুনা জাগে মনে

সত্যিই আজ বড় করুণা জাগে ক্ষনে প্রতিক্ষনে।

আজ আর তোমায় দোষ দিতে পারিনা

নিষ্পাপ শিশুর মতোই মাথা গোঁজা কোলে

জীবনের চূড়ান্ত সত্যিগুলো উগলে দিয়ে

শান্তি খোঁজো আমার বুকে।


ক্ষনিকের তৃপ্তির টানে তি ছুটে বেড়াও

এ নারী শরীর থেকে ও নারী শরীর।

যুক্তি দিয়ে বলো তুমি দুর্বল

ভীষণ দুর্বল তুমি ভালোবাসার কাছে 

দিনশেষে তুমি বুঝে যাও

কেউ তোমাকে ভালোবাসেনি

কেউ নিজেকে বিলিয়ে দিয়েছে স্বার্থসিদ্ধিতে

কেউ ধরা দিয়েছে প্রয়োজনে,

কেউ বা অসহায় হয়ে তুমি নামক

বটগাছের ছায়ায় শান্তি খুঁজতে এসে বুঝেছে

তোমাকে ভালোবাসা যায়না।


তোমায় ঘৃণা করতে পারি না কারণ 

তোমায় বিবেক দংশনে কাঁদতে দেখি

ছটফটিয়ে হা হুতাশ করতে দেখি।

তোমায় ভালোবাসতে পারি না কারণ 

তোমায় বিশ্বাস করা যায়না,

তোমায় নিয়ে অগণিত স্বপ্ন বোনা যায়না,

ভালোবাসা ভরা ভবিষ্যতের পথে

একসাথে হাঁটা যায়না কিছুক্ষণ।


নিজেকে আদর্শচ্যুত করেও

তোমার জন্য ভেবেছিলাম কিছুদিন

বহু অপ্রিয় সত্যেকে মেনে নিয়েও

ভালোবাসতে চেয়েছিলাম প্রাণভরে।

আমি বলবোনা তুমি ভালোবাসোনি

তুমি ভালোবাসো, আজও ভালোবাসো

নেশাগ্রস্থ মানুষ যেমন নেশার দ্রব্য ভালোবাসে

ভ্রমর যেমন তরতাজা ফুলকে ভালোবাসে কিছুটা সেরকমই।

কিন্তু প্রিয় আমি তো কোনো বেশ্যা নই

যে, নিজেকে বিলিয়ে তোমায় তৃপ্তি দেবো

আমি তো পৌরাণিক দেবী শীতলা নই যে

তোমার পাপের গুটিবসন্ত নিজ গায়ে মেখে নেব

আমিও মানুষ প্রিয়, রক্তমাংসের মানুষ 

আমারও অনুভূতিমাখা মন আছে 

আমার বিবেক আছে, বাস্তববোধ আছে 

আমার বিবেক আছে, বাস্তববোধ আছে।

আমি অপারক।


তোমাকে ভালোবাসা যায় না প্রিয় 

আজ আর তোমাকে ঘৃণা হয় না

জাগে শুধুই করুনা, বুকভরা করুনা!

No comments:

Post a Comment